এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ১৮ ডিসেম্বর অভিন্ন প্রশ্নপত্রে এ দুই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৬-২০২৭’-এ ভর্তির যোগ্যতা, পরীক্ষার নম্বর বণ্টন, পাস নম্বর ও আবেদনপ্রক্রিয়া উল্লেখ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হবে।
তবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ ৮ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে কমপক্ষে ৩ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এবং ইংরেজিতে পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজি প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে।
যেভাবে হবে ভর্তি পরীক্ষা
এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এতে ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর থাকবে ১০০। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো—
জীববিজ্ঞান: ৩০
রসায়ন: ২৫
পদার্থবিজ্ঞান: ১৫
ইংরেজি: ১৫
সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫
প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে প্রার্থী অকৃতকার্য হবেন।
আবেদন ও পছন্দক্রম পরিবর্তন
ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজনে সর্বোচ্চ দুইবার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।
এ ছাড়া ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল বা বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সমন্বয় করবে।
মেধাস্কোর নির্ধারণ
ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ৮ গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ১২ গুণ যোগ করে মেধাস্কোর নির্ধারণ করা হবে।
তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট নম্বর থেকে ৩ নম্বর বাদ দেওয়া হবে। আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।
এই নীতিমালার মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির যোগ্যতা ও পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।