EN ☀️
×

Follow Us

শিক্ষা

তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

ডেইলি সান রিপোর্ট, জবি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬২ রকমের ফল নিয়ে উৎসবের আয়োজন করেছে শাখা ছাত্রদল। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন, শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।’

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও একইভাবে সচেতন থাকতে হবে। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে ভূমিকা রাখতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দায়িত্ব পালনকালে জবি ছাত্রদলের বিভিন্ন কার্যক্রম দেখে তিনি মুগ্ধ হয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের জন্য তাদের আয়োজন ও কাজের আগ্রহেরও প্রশংসা করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় জবি ছাত্রদলের কার্যক্রম ব্যতিক্রম। পুরান ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছে সংগঠনটি। 

উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন এ আয়োজনের জন্য জবি ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি উপস্থিত হওয়ায় তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপাচার্য বলেন, অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের উদ্যোগে এ ফল উৎসবের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী দেওয়া হয়েছে।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের অভিভাবক। তাঁর জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী কিছু করার চিন্তা থেকেই এ আয়োজন। ৬২ রকমের ফলের উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চেয়েছি। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজন হোক শিক্ষার্থীকেন্দ্রিক। সেখানে দল-মতনির্বিশেষে সবাই অংশ নিতে পারবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, রাশেদ, অনিক, নাহিয়ান বিন অনিক ও পরাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন