EN ☀️
×

Follow Us

শিক্ষা

শিক্ষাব্যবস্থা যেন বেকার তৈরির কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

শিক্ষাব্যবস্থা যেন বেকার তৈরির কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন: গভর্নমেন্ট’স পলিসি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি’স পজিশন’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

অ অ

উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাস্তব প্রয়োজন ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোনো বিভাগ খোলা উচিত নয় এবং যেসব বিষয়ে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষাব্যবস্থা যেন বেকার তৈরির কারখানায় পরিণত না হয়। বেকারত্ব দূর করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

রবিববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন: গভর্নমেন্ট’স পলিসি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি’স পজিশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতায় গড়ে তুলতে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, গবেষণার ফলাফলকে বাণিজ্যিকীকরণ করতে হবে যাতে তা সরাসরি সমাজ ও অর্থনীতিতে অবদান রাখতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল রয়েছে উল্লেখ করে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে সেশনজট কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সেমিনারে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম দেশের শিল্প ও সেবা খাতে দক্ষ জনবলের চাহিদা এবং শিক্ষিত বেকারত্বের মধ্যকার অসামঞ্জস্যের চিত্র তুলে ধরেন।

তিনি জানান, দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার যেখানে ১ দশমিক ২৫ শতাংশ, সেখানে উচ্চশিক্ষিত স্নাতকদের মধ্যে এই হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

লাখ লাখ শিক্ষিত তরুণ চাকরির অপেক্ষায় থাকলেও দেশের কারিগরি, প্রকৌশল, প্রশাসনিক ও হিসাবরক্ষণ খাতের উল্লেখযোগ্য সংখ্যক পদ বিদেশি কর্মীদের দখলে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

২০২৪ সালের অর্থনৈতিক শুমারির তথ্য উদ্ধৃত করে উপাচার্য বলেন, দেশের শিল্প ও সেবা খাতে কারিগরি ও প্রকৌশল পদের ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদের ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি কর্মীরা দখল করে আছেন।

তিনি বলেন, ‘‘এটি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠদান এবং আধুনিক শিল্প খাতের বাস্তব চাহিদার মধ্যকার বিশাল ব্যবধানকে ফুটিয়ে তোলে।’’

বিশ্ব শ্রমবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের প্রভাবের কথা উল্লেখ করে অধ্যাপক ওবায়দুল বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৯ কোটি ২০ লাখ (৯২ মিলিয়ন) চাকরি বিলুপ্ত হবে, বিপরীতে ১৭ কোটি (১৭০ মিলিয়ন) নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

পরিবর্তনশীল শ্রমবাজারের জন্য স্নাতকদের প্রস্তুত করতে উচ্চশিক্ষায় মৌলিক সংস্কার প্রয়োজন বলে তিনি মত দেন।

এই সংস্কারের মধ্যে কারিকুলাম প্রণয়ন ও পাঠদানে শিল্প খাতকে সম্পৃক্ত করা, যৌথ গবেষণা উৎসাহিত করা, ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে যুক্ত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা উচিত বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং গবেষণার ফলাফলকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তরের ওপরও জোর দেন তিনি। রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে বলে তিনি যোগ করেন।

এদিকে, শিল্প ও শিক্ষা খাতের সহযোগিতা জোরদার করতে সেমিনারে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসি।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা প্রকল্প চালুর ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমুজাদ্দেদী আলফেছানী কারিকুলাম প্রণয়ন ও শ্রেণিকক্ষের পাঠদানে শিল্পোদ্যোক্তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণার অনুকূল পরিবেশ তৈরি এবং গবেষণা তহবিল বাড়ানোর ওপর জোর দেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমসাময়িক চাহিদার সঙ্গে সংগতি রেখে কারিকুলাম তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম খন্দকার এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক মো. মহিউদ্দিন।

সেমিনারে শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন