শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্প্রসারণ এবং শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধানরা অংশ নিচ্ছেন। উচ্চশিক্ষায় উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার, নারীর অংশগ্রহণ এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, যৌথ গবেষণা এবং শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার মান উন্নয়নের বিষয়গুলোও সম্মেলনে গুরুত্ব পাচ্ছে।