EN ☀️
×

Follow Us

শিক্ষা

মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত ‘ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ’।

অ অ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত ‘ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ’-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) তারিখে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে প্রেরিত এক পত্রে এ অনুষদে নতুন শিক্ষার্থী ভর্তির এ সম্মতি ও পরামর্শ দেওয়া হয়।

এর ফলে দীর্ঘ কয়েক বছর পর অনুষদটিতে পুনরায় নতুন শিক্ষার্থী ভর্তির দ্বার উন্মোচিত হলো। যা বিশ্ববিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক ও একাডেমিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।’’

তিনি বলেন, ‘‘৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায়  ইউজিসিকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এ ক্যাম্পাসের সার্বিক একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।”

উপাচার্য আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করা, যাতে করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

তিনি বলেন, ‘‘মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

এ ছাড়া তিনি মাভাবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ’-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির জন্য কৃষি গুচ্ছে যুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা  করেন। 

অনুমোদিত একাডেমিক কাঠামো অনুযায়ী, অনুষদটির অধীনে মোট ৯টি বিভাগ বা বিভাগীয় ক্ষেত্র রয়েছে। বিভাগগুলো হলো- অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন অ্যান্ড সার্জারি, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং, ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স এবং এগ্রিকালচারাল ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিসটিকস।

অনুষদের আওতায় পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি প্রদান করা হবে, যার মোট ক্রেডিট ২০০ থেকে ২২৮। ভবিষ্যতে মৌলিক ও ফলিত ভেটেরিনারি বায়োমেডিকেল এবং প্রাণিসম্পদ উৎপাদনবিষয়ক ক্ষেত্রে এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চতর গবেষণা কার্যক্রম চালুর পরিকল্পনাও অনুমোদিত কাঠামোয় রয়েছে। বর্তমানে অনুষদটিতে ৫ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী কর্মরত আছেন।

প্রাণিসম্পদ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মেয়াদে একটি সরকারি উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মিত হয়। ২০১৯ সালে এটি ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ হিসেবে যাত্রা শুরু করে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে দুটি শিক্ষাবর্ষে (২০১৯-২০ এবং ২০২০-২১) শিক্ষার্থী ভর্তি করা হয়।

পরবর্তীতে শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনে সেশনজটের কারণে ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে পূর্ণাঙ্গ অন্তর্ভুক্ত করা হয় এবং একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা কার্যক্রম সফলভাবে শুরু হয়।

বর্তমানে অনুষদে দুটি ব্যাচে মোট ৮৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন (প্রথম ব্যাচে ৪৩ জন ৫ম বর্ষে ১ম সেমিস্টারে  এবং দ্বিতীয় ব্যাচে ৪৪ জন ৪র্থ বর্ষে ১ম সেমিস্টারে )। ইউজিসির এ সিদ্ধান্তের ফলে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন ও উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।

মাভাবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সিরাজগঞ্জ ক্যাম্পাসে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন লাভ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এ গুরুত্বপূর্ণ অর্জনের জন্য  উপাচার্য মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাঁর দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা ও প্রশাসনিক উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে,এটাই সবার প্রত্যাশা।

উল্লেখ্য, বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

আরও পড়ুন