প্রথম শ্রেণিতে ভর্তিতে ন্যূনতম বয়স ৬ বছর নির্ধারণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ৬ বছর নির্ধারণ করেছে সরকার। এ ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি এবং ৭ বছরের কম হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত শিথিলতা রাখা হয়েছে।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়েছে। নতুন এ নীতিমালায় ভর্তির বয়স, আসনসংখ্যা ও ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে। বয়স যাচাইয়ের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে।
নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি শ্রেণি এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ নিয়মে শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতি শ্রেণি বা শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ গণনা করা হবে। শিক্ষাবর্ষ শুরুর আগেই পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করতে হবে।
তবে একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শ নিয়ে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে।
নতুন এ নীতিমালার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নির্ধারিত বয়সে শিক্ষাজীবন শুরুর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।