EN ☀️
×

Follow Us

শিক্ষা

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন কিশোরী সুহানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন কিশোরী সুহানা

সুহানা রহমান সুকন্যা। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরব বয়ে এনেছেন ১৭ বছরের কিশোরী সুহানা রহমান সুকন্যা। সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’।

সুহানা ঢাকার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ এর ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তিনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করা উদ্যোগ ‘টক হোপ’-এর সঙ্গে যুক্ত। তিনি এই উদ্যোগের চাইল্ড কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

টক হোপের মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও সংকোচ দূর করা, কিশোর-কিশোরীদের আবেগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনের সময় সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করা।

এই উদ্যোগের আওতায় স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সহমর্মিতাপূর্ণ পরিবেশ তৈরি এবং তরুণ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, আবেগ প্রকাশ এবং সংকটের সময়ে সহায়তা চাওয়ার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুরস্কার পাওয়ার পর নিজের অনূভূতি ব্যক্ত করে সুহানা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, পুরস্কারটি শুধু ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দেয় না, বরং তরুণদের নেতৃত্বে ইতিবাচক সামাজিক পরিবর্তনের গুরুত্বও তুলে ধরে।

বিশ্বের বিভিন্ন দেশের কিশোর-কিশোরী ও তরুণদের কাজকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি সুহানা রহমান সুকন্যাকে পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তাঁর স্মৃতিতে প্রতিষ্ঠিত এই পুরস্কারের সঙ্গে যুক্ত। 

প্রয়াত ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসের স্মৃতি ও মানবিক দর্শনকে ধারণ করে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় দ্য ডায়ানা অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সামাজিক পরিবর্তন, মানবিক উদ্যোগ, নেতৃত্ব এবং কমিউনিটির উন্নয়নে অসাধারণ অবদান রাখা তরুণদের এই সম্মাননা দেওয়া হয়।

এর আগে সুহানা ২০২৪ সালে আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়। কুমিল্লা জেলায় জন্ম নেওয়া সুহানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর কেন্দ্রীয় ছাপাখানা দপ্তরের সিনিয়র স্টোর অফিসার মুহাম্মদ শোয়েবুর রহমান ও খালেদা সুলতানার বড় মেয়ে। তার এক ভাই ও এক বোন রয়েছে।

আরও পড়ুন