EN ☀️
×

Follow Us

শিক্ষা

নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জাবিতে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক

ডেইলি সান রিপোর্ট, জাবি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জাবিতে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক

ছবি: ডেইলি সান

অ অ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে বাসে অসদাচরণ ও তাঁকে স্পর্শের চেষ্টার অভিযোগ উঠেছে ইতিহাস পরিবহনের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) দুপুরে পরিবহনটির ১২টি বাস আটকে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর ক্ষমা চাওয়ার দাবি জানান তাঁরা।

ওই শিক্ষার্থী জানান, গতকাল হেমায়েতপুর থেকে ক্যাম্পাসে ফেরার জন্য তিনি ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন। হেমায়েতপুর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়া ১০ টাকা। তবে বাসের কন্ডাক্টর তাঁর কাছে ২০ টাকা দাবি করেন।

একপর্যায়ে নির্ধারিত স্টপেজে না থামিয়ে তাঁকে বাস থেকে নামতে বলেন কন্ডাক্টর। বাস থামার পর নামবেন বলে জানালে তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন এবং স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তাঁর চিৎকারে কন্ডাক্টর পিছু হটেন। পরে বাস থেকে নামার পর তাঁকে ও তাঁর সঙ্গে থাকা আরেকজনকে গালিগালাজ করেন বলেও জানান। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল হালিম বলেন, রোববার বাসভাড়াকে কেন্দ্র করে ইতিহাস পরিবহনের এক হেলপার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বাস আটকে অভিযুক্ত কর্মীর ক্ষমা চাওয়ার দাবি জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাস কোম্পানিকে বিষয়টি জানায়। পরে কোম্পানি অভিযুক্ত হেলপারকে শনাক্ত করে ক্যাম্পাসে নিয়ে আসে।

প্রক্টর আরও বলেন, শিক্ষার্থীর অনুরোধে আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। অভিযুক্ত ব্যক্তি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন বলেও জানান তিনি।

এদিকে ঘটনাটি সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক জয় ও অধ্যাপক শারমিনকে।

আরও পড়ুন