জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছরের পুরোনো কারিকুলাম সংস্কার হচ্ছে: উপাচার্য
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ এএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, পাঠদান ও বিভিন্ন সমস্যা নিয়ে খুলনায় অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছরের পুরোনো কারিকুলাম ও সিলেবাস সংস্কারের কাজ চলছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল। সম্মানিত অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
উপাচার্য বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার চলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ইতোমধ্যে ৪০০টি পুনর্মূল্যায়ন ও সংশোধন করা হয়েছে। বাকি প্রায় ৩ হাজার ৮০০টি কোর্স সংস্কারের কাজ চলমান।
তিনি বলেন, কয়েকটি কলেজের উন্নয়ন দিয়ে সামগ্রিক শিক্ষার মান বাড়ানো সম্ভব নয়। বিএল কলেজ বা বিএম কলেজের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মানও উন্নত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ বিকাশের জায়গায় ফিরিয়ে নিতে হবে।
সভায় খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষসহ খুলনা অঞ্চলের ৩৩৮টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
-6ac77e20a0770.jpg)