EN ☀️
×

Follow Us

শিক্ষা

সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি

মো. মফিদুল ইসলাম সরকার

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

অ অ

স্বীকৃতিপ্রাপ্ত দেশের সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদ।

সংগঠনটির এক দফা দাবি হলো—স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে একযোগে এমপিওভুক্ত করতে হবে।

শনিবার (৩ অক্টোবর) আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত ৫ হাজার ৩৩২টি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বছরের পর বছর পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও এমপিওভুক্ত হতে পারেনি। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়াই দায়িত্ব পালন করে আসছেন।

তাদের দাবি, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বয়স ২৫ থেকে ৩০ বছর বা তারও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে চাকরি করে অবসরে গেছেন। আবার কেউ কেউ কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এতে তাঁদের পরিবারগুলো আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের মধ্যে পড়েছে বলে সংগঠনটির নেতারা উল্লেখ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বেতনবঞ্চনার অবসান এবং তাঁদের পরিবার-পরিজনের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে।

কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

আরও পড়ুন