ঢাবির শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত, ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত
ডেইলি সান রিপোর্ট, ঢাবি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ এবং বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অধ্যাপক জিনাত হুদার ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবারের সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে।