বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪
ডেইলি সান রিপোর্ট, বাকৃবি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী, একজন মাস্টাররোলভুক্ত কর্মচারী এবং দুজন বহিরাগত। পরে তাদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন, সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ। তাদের কাছ থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গেস্ট হাউসের অফিসার ইনচার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার বলেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের স্টাফ মিথুনের নামে ৬ নম্বর কক্ষটি বুকিং করা হয়েছিল। ওই কক্ষে অপরিচিত ব্যক্তিদের আসা-যাওয়া, মোটরসাইকেল রাখা ও সন্দেহজনক চলাফেরা দেখে গেস্ট হাউসের স্টাফরা তাকে বিষয়টি জানান।
তিনি বলেন, গেস্ট হাউসে অন্য অতিথিরাও থাকায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্টাফদের একা বিষয়টি মোকাবিলা না করতে বলা হয়। পরে সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রক্টরের সঙ্গে আলোচনা করে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিমসহ ঘটনাস্থলে আসেন।
কক্ষটি খুলে চারজনকে পাওয়া যায়। তাদের মধ্যে বুকিংধারী স্টাফের পাশাপাশি একজন এসি মেকানিক ও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। কক্ষ থেকে তীব্র গন্ধ পাওয়া যায় এবং তাদের আচরণও অস্বাভাবিক মনে হয়। পরে পুলিশ বাথরুমে তল্লাশি চালিয়ে ৪-৫টি ইয়াবা ও সেবনের একটি কিট জব্দ করে।
গেস্ট হাউস কর্তৃপক্ষ জানায়, লাবিব হাসান মিথুন অসুস্থতার কারণ দেখিয়ে তিন দিন আগে এক দিনের জন্য কক্ষটি বুকিং নেন। তবে পরে তিনি সেখানে তিন দিন অবস্থান করেন। কক্ষটির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘রাতে খবর পেয়ে আমরা ক্যাম্প পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যাই। একই সঙ্গে কোতোয়ালি থানার পুলিশকেও জানানো হয়।’
তিনি বলেন, ‘রুমের বাইরে থেকে কয়েকবার ডাক দেওয়ার পর প্রায় ৫ থেকে ১০ মিনিট পরে তারা দরজা খোলেন। ভেতরে বাজে গন্ধ ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে পুলিশ তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করে আটক করে নিয়ে যায়। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই মাহবুব বলেন, ‘চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
