একাদশে ভর্তির আবেদন চলবে ১ অক্টোবর পর্যন্ত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যারা আগে আবেদন করেননি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি। এ ছাড়া মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেননি এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেননি—এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
নতুন সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। এরপর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়।
চূড়ান্ত ভর্তি চলবে ১১ থেকে ১৩ অক্টোবর।
আন্তশিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। ভর্তি ওয়েবসাইটে লগইন করে শুধু কলেজের পছন্দক্রম নির্বাচন বা সংশোধন করলেই হবে।
শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবেদন করার আগে নিজের কোটার যোগ্যতা যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে।