বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা
ডেইলি সান রিপোর্ট, ববি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালু রাখা প্রয়োজন।
তিনি বলেন, সীমিত সক্ষমতার মধ্যেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে এসব কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা হবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে আধুনিক জিমনেসিয়াম, অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়; শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মতো গুণাবলি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জীবন একটি নিয়ম-শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়, যা তাঁদের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিরাজিস সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।
এ ছাড়া বক্তব্য দেন সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন ও সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এবারের আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের জন্য দাবা, টেবিল টেনিস ও ক্যারাম ইভেন্ট রাখা হয়েছে। এসব ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশ নেবেন।
আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।