EN ☀️
×

Follow Us

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়-রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক সই

ডেইলি সান রিপোর্ট, ববি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়-রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক সই

ছবি: সংগৃহীত

অ অ

যৌথ গবেষণা, একাডেমিক প্রকাশনা ও শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে যৌথ গবেষণা এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও জোরদার হবে।

সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের পাশাপাশি সেমিনার, কর্মশালা ও অতিথি বক্তৃতার আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সমঝোতা অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনোনয়ন ও একাডেমিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে। অন্যদিকে রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ এবং কারিগরি জ্ঞান অর্জনের ব্যবস্থা করবে। 

এর ফলে শিক্ষার্থীরা শিল্পখাতের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি গবেষণা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির। রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্লান্ট ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও বিভাগীয় প্রধানসহ রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন