EN ☀️
×

Follow Us

শিক্ষা

চুয়েটে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, বন্ধ একাডেমিক কার্যক্রম

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

চুয়েটে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, বন্ধ একাডেমিক কার্যক্রম

ছবি: সংগৃহীত

অ অ

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

এর ফলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন। এরপর তারা ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন।

এর আগে সোমবার রাতে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনেও তালা দেন।

গত ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতিও। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষক সমিতির সাধারণ সভায় অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে আবারও উপাচার্য হিসেবে বহালের দাবি জানানো হয়েছে।

সোমবারের বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন।

বর্তমানে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলছে।

আরও পড়ুন