প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মো. শাকিল হোসেন চাকরি পেয়েছেন। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী শাকিলের হাতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান এবং রিজভীর এপিএস জাহেদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শাকিল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নওগাঁর একটি প্রত্যন্ত গ্রামের অসচ্ছল পরিবার থেকে উঠে আসা শাকিল মেধা ও অদম্য আগ্রহে উচ্চশিক্ষা শেষ করলেও কর্মসংস্থান না হওয়ায় অনিশ্চয়তায় পড়েন। কয়েকটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দৃষ্টিপ্রতিবন্ধিতার কারণে নিয়োগ পাননি তিনি।
সম্প্রতি শাকিলের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। পরে তাঁর যোগ্যতা বিবেচনা করে নিয়োগের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিয়োগপত্র দেওয়ার পর উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন শাকিলের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেছে।