EN ☀️
×

Follow Us

শিক্ষা

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, ইবির দুই শিক্ষক চাকরিচ্যুত

ডেইলি সান রিপোর্ট, ইবি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, ইবির দুই শিক্ষক চাকরিচ্যুত

ছবি: সংগৃহীত

অ অ

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

রেজিস্ট্রার দপ্তর ও শিক্ষক সেল সূত্রে জানা যায়, গত ২৯ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় দুই শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাদের পদে নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিক্ষককে ১৫ কার্যদিবসের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল। ওই সময়ের মধ্যে যোগ না দিলে চাকরিচ্যুত করার পাশাপাশি ইউজিসির নিয়ম অনুযায়ী একই বছরে তাদের পদে নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ কার্যদিবস পার হওয়ার পরও আরও ৩০ দিন অপেক্ষা করা হয়। কিন্তু তারা কর্মস্থলে যোগ না দেওয়ায় শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ২৮ আগস্ট পর্যন্ত সবেতন শিক্ষাছুটিতে ছিলেন। ২০২২ সালের ২৫ আগস্ট তার বেতন বন্ধ হয়ে গেলে ২০২৪ সাল পর্যন্ত বিনা বেতনে ছুটিতে ছিলেন। এরপর অনুমোদন ছাড়াই তিনি কানাডায় অবস্থান করতে থাকেন।

অন্যদিকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনার নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ভিন্ন শ্রেণির ছুটির জন্য আবেদন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, এ ধরনের ছুটির আবেদন করতে হলে ক্যাম্পাসে এসে আবেদন করতে হয়। এ ছাড়া তিনি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেননি।

আরও পড়ুন