EN ☀️
×

Follow Us

শিক্ষা

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সোনারগাঁও হোটেলে বইপড়া কর্মসূচির ১২ বছর উদযাপনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

অ অ

বিশাল জনশক্তিকে কর্মক্ষম করতে বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতে পারা একটা ইবাদত বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন ‘এখান থেকেই জাতিগঠনের কাজ করা যায়। ঠিকমতো কাজ করতে পারলে এটাই সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে।’

তিনি বলেন, ‘সমাজের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি (সিএসআর) গুরুত্বপূর্ণ অবদান রাখে। মানবিক ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। মাদকাসক্তি ও মোবাইল থেকে ফিরিয়ে আনার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশ যে হাত বাড়িয়েছে, এমন কর্মসূচি আরও দরকার।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো বই পড়ার প্রতি উৎসাহিত করতে হবে।’

তরুণ সমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকশিত হবে। একই সঙ্গে তারা নিজেদের ভবিষ্যৎ গঠনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।’

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান, মিড ডে মিল, উপবৃত্তি প্রদানসহ নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে সরকার।’

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বক্তব্য দেন।

আরও পড়ুন