৪৭ কর্মদিবসে অনার্স চতুর্থ বর্ষের ফল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন রেকর্ড
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় নতুন রেকর্ড তৈরি হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফল প্রকাশ করা হয়। এর আগে গত বছর অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন।
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা সোমবার বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, ‘এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়ে ১৫ জুন শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে দ্রুততম সময়ে ফল প্রকাশের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধন করা হবে। প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।