EN ☀️
×

Follow Us

শিক্ষা

মাদ্রাসা শিক্ষার কারিকুলাম কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে: ইউজিসি সদস্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

মাদ্রাসা শিক্ষার কারিকুলাম কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে: ইউজিসি সদস্য
অ অ

মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মবাজারমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে চলতি মাসের মধ্যে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। পরে তা শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

সোমবার (২৪ আগস্ট) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মাদ্রাসায় উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে এসব কথা বলেন অধ্যাপক ড. মামুন।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অন্যতম লক্ষ্য কারিকুলামকে কর্মবাজারমুখী করা। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও এর লক্ষ্য। এর মাধ্যমে দেশে ও বিদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় সরকার।

অধ্যাপক ড. মামুন বলেন, সরকারের উন্নয়ন ভাবনার বড় একটি অংশজুড়ে মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছেন। আগের সরকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে মানবসম্পদ উন্নয়নে। মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়ন ও তাঁদের ভাগ্য পরিবর্তন করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

অন্যান্য ধারার শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা ও সুযোগের যে ব্যবধান তৈরি হয়েছে, তা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের জাতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করা হবে।

কারিকুলাম যুগোপযোগী করার ক্ষেত্রে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ নেওয়া হয়েছে। অর্থাৎ ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত নিয়ে কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় ১০০ জন অধ্যক্ষ, ১০০ জন শিক্ষক ও ১০০ জন শিক্ষার্থীসহ মোট ৩০০ জন অংশ নেন। তাঁদের মতামতের ভিত্তিতে মাদ্রাসা কারিকুলামের ভবিষ্যৎ পরিকল্পনা করা হবে।

কর্মশালায় মাদ্রাসা শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ নিয়েও আলোচনা হয়। ইউজিসির উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতেও তাঁদের যুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা মাদ্রাসা শিক্ষার্থীরা কীভাবে কাজে লাগাতে পারেন, তা নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্টার্টআপসহ বিভিন্ন সুযোগ কাজে লাগানো এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এতে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস হিন্দীসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুন