EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে প্রশিক্ষণ শুরু

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে প্রশিক্ষণ শুরু
অ অ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

    শুক্রবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডি-নথি বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ‘পেপারলেস’ বা কাগজহীন অফিস বাস্তবায়নই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ দপ্তরে ডি-নথি কার্যক্রম চালু ও বাস্তবায়নে সহকর্মীদের সহায়তা করবেন।

    দুই দিনের এ প্রশিক্ষণে ই-নথি ও ডি-নথি ব্যবস্থার পরিচিতি, লগইন প্রক্রিয়া, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড ও ট্র্যাকিং, অনলাইনে সিদ্ধান্ত গ্রহণ, নথি উপস্থাপন, নোট লেখা, খসড়া পত্র তৈরি এবং ডিজিটাল নথি নম্বর ও শাখা কোডসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে।

    প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম ও উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

    প্রশিক্ষণের প্রথম দিনের সমাপনী সেশনে ডিজিটাল নথি নম্বর, নথির ধরন কোড নির্ধারণ এবং গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার (২২ আগস্ট) সমাপনী মূল্যায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হবে।

    কর্মসূচিতে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান।

  • আরও পড়ুন