জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ববিসাসের আলোকচিত্র প্রদর্শনী
ডেইলি সান রিপোর্ট, ববি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) ‘জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস: গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। প্রদর্শনীটি রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
প্রদর্শনীতে মোট ৩৬টি স্থিরচিত্র স্থান পেয়েছে। এর মধ্যে ৩০টি ছবিতে জুলাই আন্দোলনের সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ছাত্র-জনতার আন্দোলন, প্রতিরোধ ও বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। বাকি ছয়টি ফ্রেমে আন্দোলন চলাকালে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ববিসাস সদস্যদের সংবাদ প্রতিবেদন প্রদর্শিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনীতে আন্দোলনের অনেক স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে উল্লেখ করে তিনি জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারীদের ত্যাগের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার সংগ্রামের ইতিহাস সংরক্ষণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই ববিসাস যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার।
অনুষ্ঠান শেষে ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো আলোকচিত্রের মাধ্যমে সহপাঠী ও সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ ও ইতিহাসভিত্তিক এমন আয়োজন অব্যাহত রাখবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (সহযোগী অধ্যাপক) ড. আব্দুল আলিম বছির, প্রক্টর (সহযোগী অধ্যাপক) মেহেদী হাসান সোহাগ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীন, প্রথম আলোর বরিশাল ফটোসাংবাদিক মো. সাইয়ানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।