EN ☀️
×

Follow Us

শিক্ষা

সচিবালয়ের পথে শিক্ষার্থীদের লংমার্চ, নিরাপত্তা জোরদার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

সচিবালয়ের পথে শিক্ষার্থীদের লংমার্চ, নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

অ অ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে প্রায় ১০০ শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন। তারা ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখার পর সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

এদিকে, সচিবালয়ের ১ নম্বর গেট ছাড়া বাকি চারটি গেট বন্ধ রাখা হয়েছে। ১ নম্বর গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া সচিবালয়ের সামনের আবদুল গনি রোডে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়েছে।

অফিস শেষে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা হেঁটে আবদুল গনি রোড পার হচ্ছেন। তাদের যাতায়াতের জন্য সরকারি যানবাহন প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকার সামনে রাখা হয়েছে।

এর আগে, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা দিনের কর্মসূচি শেষ করেন।

এদিকে, শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন