EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে দেশব্যাপী শুরু হচ্ছে ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অঙ্গীকারের অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ১২ জুলাই থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত।

অন্যদিকে, বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে আসা শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধন কার্যক্রম ৯ জুলাই থেকে শুরু হয়েছে। এ নিবন্ধনও ৩০ জুলাই পর্যন্ত চলবে।

দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১ থেকে ৬ আগস্ট প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করা হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের সময়সূচি পরে জানানো হবে।

সাংস্কৃতিক প্রতিযোগিতার একক বিভাগে থাকবে দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। দলীয় বিভাগে থাকবে গণসংগীত, সৃজনশীল দলীয় নৃত্য ও বিতর্ক।

এদিকে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ইতোমধ্যে শেষ হয়েছে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অ্যাথলেটিক্স ইভেন্টে রয়েছে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ৫ হাজার মিটার দৌড়, ৪×১০০ ও ৪×৮০০ মিটার রিলে, ১১০/১০০ মিটার হার্ডলস, শটপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, হাই জাম্প, ট্রিপল জাম্প, হ্যামার থ্রো ও পোলভল্ট।

দলীয় ইভেন্টে রয়েছে দাবা, সাঁতার, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, কারাতে, ফুটবল, টেবিল টেনিস ও ভলিবল।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি পরে প্রকাশ করা হবে। প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন