জাবির ভর্তি পরীক্ষা বিভাগভিত্তিক করার পরিকল্পনায় নেই রংপুর, ক্ষোভ শিক্ষার্থীদের
ডেইলি সান রিপোর্ট, জাবি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ জন্য দেশের চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। তবে রংপুর বিভাগের কোনো বিশ্ববিদ্যালয়কে এতে রাখা হয়নি। এ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কীভাবে হয়, কীভাবে পরিচালনা করা হয় এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিটিতে রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিটিতে রয়েছেন কোষাধ্যক্ষ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিটিতে রয়েছেন কলা ও মানবিকী, সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের ডিন।
উপ-কমিটিগুলোকে একটি প্রশ্নমালা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রংপুর বিভাগের কোনো বিশ্ববিদ্যালয়কে এই তালিকায় না রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। তাদের দাবি, ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নেওয়ার উদ্দেশ্য যদি শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট কমানো হয়, তাহলে রংপুরকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ছোয়াদ আনাম বলেন, রংপুর বিভাগের শিক্ষার্থীদের এখনো যদি রাজশাহী, ঢাকা বা অন্য বিভাগে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হয়। এতে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের ভোগান্তি কমবে না। তিনি রংপুরে একটি ভর্তি পরীক্ষা কেন্দ্র চালুর দাবি জানান। দাবি না মানলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
জাবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা কেন্দ্র না রাখাকে তারা বৈষম্য হিসেবে দেখছেন। এ বিষয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতারা বৈঠক করবেন। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হবে। প্রয়োজন হলে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, রংপুরে ভর্তি পরীক্ষা কেন্দ্রের বিষয়টি উপাচার্যের সঙ্গে আলোচনা করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, তথ্য সংগ্রহের জন্য রংপুরেও একটি দল পাঠানো হবে।