EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কুমিল্লার শিক্ষার্থীরা

প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা

ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কুমিল্লার শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

অ অ

কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। তারা বাজেট অধিবেশন সরাসরি উপভোগের পাশাপাশি সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন।

শপথ কক্ষে আয়োজিত একটি ব্রিফিং সেশনে শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী এবং কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থী সিগমাতুল আজিম জাহিন বলেন, জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য এবং বিশাল গ্রন্থাগার তাকে মুগ্ধ করেছে। তিনি জানান, জীবনে প্রথমবার এমন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা দেখার অভিজ্ঞতা তার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে।

দশম শ্রেণির শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু বলেন, জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য ও স্থাপত্য তাকে অনুপ্রাণিত করেছে। বাস্তবে ভবনটি দেখার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

পরিদর্শনের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবুল কালাম। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় অতিথিরা শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

পরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান। তারা বলেন, জাতীয় সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয়; এটি দেশের গণতন্ত্র, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং সাংবিধানিক চর্চার প্রতীক। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ ধরনের শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম।

সফরের একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। অনেক শিক্ষার্থী জানান, জাতীয় সংসদ ভবন সম্পর্কে এতদিন তারা শুধু বই ও টেলিভিশনে জেনেছেন; বাস্তবে তা দেখার সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নপূরণের মতো।

পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। প্রতিনিধি দলের সদস্যরা এটিকে গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে অন্যতম স্মরণীয় ও গৌরবময় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন