উপকূল রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগ জরুরি: শাবিপ্রবি উপাচার্য
জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের শঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তব সংকট; শাবিপ্রবিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু
ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
দেশের উপকূলীয় অঞ্চল রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আরও কার্যকর ও বাস্তবমুখী গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
আজ বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো শঙ্কা নয়; এটি বর্তমান সময়ের এক বাস্তব সংকট। এর নেতিবাচক প্রভাব ইতোমধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপকূলীয় অঞ্চলগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন তীব্র ঘূর্ণিঝড় এবং জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতির মতো নানা বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে।’
তিনি আরও উল্লেখ করেন, এসব সংকট শুধু স্থানীয় উপকূলীয় মানুষের জীবন-জীবিকাকেই হুমকির মুখে ফেলছে না, বরং কৃষি খাতের ক্ষতিসহ সামগ্রিকভাবে বৈশ্বিক খাদ্যনিরাপত্তার ওপরও বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলছে।
গবেষকদের উদ্দেশে খায়রুল ইসলাম বলেন, ‘উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের অভিযোজন সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও বাস্তবমুখী ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবন জরুরি।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্মেলন ও একাডেমিক সিম্পোজিয়াম থেকে এমন সুপারিশ আসা প্রয়োজন, যা সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে সহায়তা করবে।’