EN ☀️
×

Follow Us

শিক্ষা

‘ছিল পাঁচ হবে ছয়, মিশন হেক্সা করব জয়’ শ্লোগানে ব্রাজিল ভক্তদের শোভাযাত্রা

তারা বলেন, ফুটবলের আসল সৌন্দর্য ও শৈল্পিক রূপ শুধু ব্রাজিলের খেলাতেই দেখা যায়

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

‘ছিল পাঁচ হবে ছয়, মিশন হেক্সা করব জয়’ শ্লোগানে ব্রাজিল ভক্তদের শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

অ অ

২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ‘ছিল পাঁচ হবে ছয়, মিশন হেক্সা করব জয়’ শ্লোগানকে সামনে রেখে ৫০০ ফুট লম্বা পতাকা নিয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল ভক্তরা।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টায় ‘রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্রাজিল ফ্যানস ক্লাব’- এর উদ্যোগে ক্যাম্পাসের দেবদারু তলা থেকে শোভাযাত্রাটি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে বের হয়ে লালবাগ মোড় ঘুরে আবারও প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এ সময় ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি পরে সমর্থকেরা নেচে-গেয়ে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা জানান, এবারের বিশ্বকাপে তাদের একমাত্র লক্ষ্য ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ বা ‘হেক্সা মিশন’ সফল করা।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমালোচনা করে তারা বলেন, ‘ফুটবলের আসল সৌন্দর্য ও শৈল্পিক রূপ শুধু ব্রাজিলের খেলাতেই দেখা যায়।’ 

সেভেন আপের (৭ গোল খাওয়া) খোঁচা নিয়ে ভক্তরা বলেন, এটি কোনো অপবাদ নয়, বরং আশীর্বাদ হিসেবে নিয়ে এবার তারা চ্যাম্পিয়ন হবেন।

সন্ধ্যায় হেক্সা মিশনের প্রতীক হিসেবে ৬টি ফানুস ওড়ানো হয় এবং ৬টি আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন সমর্থকেরা।

বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল ফ্যান ক্লাবের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘বিশ্বকাপের আমেজকে আরও রঙিন করতেই আমাদের এই ৫০০ ফুটের পতাকা ও আনন্দ র‍্যালির আয়োজন। ফুটবল খেলায় গোল খাওয়া একটি অংশ হতে পারে, কিন্তু হাত দিয়ে গোল দেওয়া ফুটবলের নিয়ম নয়। যারা চুরির আশ্রয় নেয়, তাদের নৈতিকতা আমাদের স্তরে নেই। ৩ তলা (৩ বার বিশ্বকাপ জয়ী) থেকে ৫ তলার (৫ বার জয়ী) দিকে খোঁচাখুঁচি করে লাভ নেই। তারা যেদিন আমাদের লেভেলে আসবে, সেদিন কথা হবে। ইনশাআল্লাহ, এবার ব্রাজিল হেক্সা মিশন পূর্ণ করে নিন্দুকদের জবাব দেবে।’

আরও পড়ুন