চীন সফর শেষে ডাকসু প্রতিনিধিদের সঙ্গে চীনা দূতাবাসের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
চীন সফর শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিদলের সঙ্গে চীনা দূতাবাসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের শিক্ষার্থী, গবেষক ও তরুণদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে চীন সফরে ডাকসু প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ডাকসু নেতারা। সফরকালে চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, উন্নত নগর ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন তারা।
ডাকসু নেতারা বলেন, এই অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তারা বাংলাদেশ ও চীনের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে সম্পর্ক আরও জোরদারের জন্য কয়েকটি সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাবও উপস্থাপন করেন।
বৈঠকে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং ডাকসু প্রতিনিধিদের প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।