শাবিপ্রবির নতুন উপাচার্য হলেন ড. খায়রুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান থেকে সর্বোচ্চ পদে, মেয়াদ চার বছর
ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৩৯ পিএম
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. খায়রুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার আগ পর্যন্ত— যেটি আগে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।