EN ☀️
×

Follow Us

শিক্ষা

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার

দেশীয় অস্ত্র নিয়ে হলে হামলা, আহত সহকারী প্রক্টরসহ ৭ জন

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:১৪ পিএম

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

অ অ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার রাতে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং শুক্রবার রেজিস্ট্রার দপ্তর থেকে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে অতর্কিত হামলা চালায়। এ সময় হলের নামাজঘর, আসবাবপত্র ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন সম্পদ ভাঙচুর করা হয়। হামলায় সহকারী প্রক্টরসহ অন্তত সাতজন আহত হন।

ঘটনার পর হামলাকারীদের বিচারের দাবিতে নূর হোসেন হলের শিক্ষার্থীরা প্রায় ছয় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

বহিষ্কারের আদেশে উল্লেখ করা হয়েছে, ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৩১ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী আইনশৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে প্রশাসন।

হাবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন