ভুল শিক্ষাবর্ষ পরিচয় দেওয়ায় রাবিতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ডেইলি সান রিপোর্ট, রাবি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ছবি তোলা এবং ভুল শিক্ষাবর্ষ পরিচয় দেওয়াকে’ কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়ানো বিভাগ দুটি হলো ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার ডিনস কমপ্লেক্স ভবনের সামনে ইইই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের জুনিয়রদের সঙ্গে বসেছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে র্যাগিংবিরোধী অভিযান পরিচালনা করতে গেলে কোনো অনিয়ম না পেয়ে তারা ফিরে যান। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী।
পরে ইইই বিভাগের শিক্ষার্থীরা দাবি করেন, ওই শিক্ষার্থী তাদের ছবি তুলে প্রশাসনকে পাঠিয়েছেন এবং ভুলভাবে নিজের শিক্ষাবর্ষ পরিচয় দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সিনিয়রদের হস্তক্ষেপে তা মীমাংসা হয়।
তবে পরদিন আজ মঙ্গলবার আবারও একই ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবহন মার্কেট এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হন। তবে তাদের উপস্থিতিতেই দুই পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে গতকাল থেকেই দুই বিভাগের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি আপাতত সমাধান হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, গতকাল কোনো র্যাগিংয়ের ঘটনা হয়নি। একটি শিক্ষার্থীকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে আজকে তা সংঘর্ষে রূপ নেয়।
তিনি আরও জানান, বিষয়টি দুই বিভাগের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা প্রাথমিকভাবে সমাধানের চেষ্টা করবেন।