ববি প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে
সমঝোতা না হওয়ায় ঠিকাদারের বিল ১৩ মাস আটকে রাখার অভিযোগ
ডেইলি সান রিপোর্ট, ববি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:০৮ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে এক ঠিকাদারের বিল ১৩ মাস ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীর সঙ্গে ‘সমঝোতা’ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঠিকাদার।
অভিযোগকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মুন্সি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সাইফুল মুন্সি বলেন, সহকারী প্রকৌশলী মামুন অর রশীদ দীর্ঘদিন ধরে তার কাছে ঘুষ দাবি করে আসছেন। যারা টাকা দেন, তাদের বিল দ্রুত ছাড় করা হয়। কিন্তু তিনি টাকা না দেওয়ায় গত ১৩ মাস ধরে তার বিল আটকে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সবাই বিল পেলেও শুধু আমার বিল আটকে রাখা হয়েছে। গতকাল এ বিষয়ে কথা বলতে তার কক্ষে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং আমাকে বের করে দেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রকৌশলী মামুন অর রশীদ। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঠিকাদার সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় বিল প্রক্রিয়ায় দেরি হয়েছে।
তিনি আরও বলেন, কাজের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যয়নপত্র চাওয়া হয়েছিল। সেটি না পাওয়ায় বিল পাস করা সম্ভব হয়নি। সরকারি চাকরিতে বিল ছাড়ের নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুরশিদ আবেদিন বলেন, কোনো ঠিকাদারের বিল ১৩ মাস তো দূরের কথা, ১৩ দিনও আটকে রাখার সুযোগ নেই। তবে কাজের প্রত্যয়নপত্র ছাড়া বিল পাস করা যায় না বলেও জানান তিনি।
ঘুষ বা চাঁদা দাবির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এমন কোনো বিষয় আমার জানা নেই।