বরিশাল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিইউ রেডিও ফেস্ট’
এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের মূল্যবান পরামর্শ দেন
ডেইলি সান রিপোর্ট, ববি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাস সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ‘বিইউ রেডিও ফেস্ট (সিজন-১)’।
‘প্রাইম ব্যাংক প্রেজেন্টস’ এবং ‘পাওয়ার্ড বাই স্পিড’- এর সৌজন্যে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন থেকে শুরু করে বিনোদনের এক অনন্য মেলবন্ধন ঘটে। মেধা, উদ্যম ও সঠিক পৃষ্ঠপোষকতার সমন্বয়ে ক্যাম্পাসভিত্তিক এই আয়োজনটি রূপ নিয়েছিল একটি জাতীয় মানের মহোৎসবে।
উৎসবের প্রথম দিনটি মুখরিত ছিল সম্পূর্ণ ক্যারিয়ারমুখী বিভিন্ন আয়োজনে। শিক্ষার্থীদের কর্পোরেট দুনিয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে আয়োজন করা হয় ‘ক্যারিয়ার মাস্টারক্লাস ৩৬০°’। এর অধীনে বাস্তব ইন্টারভিউয়ের অভিজ্ঞতা দিতে নেওয়া হয় ‘মক ইন্টারভিউ’ (ছদ্ম সাক্ষাৎকার)। পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ কর্মশালা ‘ক্যারিয়ার বুট ক্যাম্প’ এবং তরুণদের ভবিষ্যৎ গাইডলাইন দিতে ‘ক্যারিয়ার সেমিনার’ অনুষ্ঠিত হয়। এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের মূল্যবান পরামর্শ দেন।
আয়োজনের দ্বিতীয় দিন সন্ধ্যায় পুরো ক্যাম্পাস মেতে ওঠে সুরের মূর্ছনায়। ‘প্রাইম নাইট’ শিরোনামের এই কনসার্টে মঞ্চ কাঁপায় বাংলাদেশের বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। প্রধান আকর্ষণের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ব্যান্ডদলের অনবদ্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সংগীতের এই রাতটি যেন হয়ে উঠেছিল তরুণদের প্রাণের উৎসব।
এই জমকালো আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত ছিল প্রাইম ব্যাংক পিএলসি। তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠনে এবং সুস্থ ক্যাম্পাস সংস্কৃতি বিকাশে ব্যাংকটির এই অংশগ্রহণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু আর্থিক পৃষ্ঠপোষকতাই নয়, ব্যাংকটির শীর্ষ কর্পোরেট নেতৃবৃন্দ সরাসরি সেমিনারে অংশ নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অনুপ্রাণিত ও দিকনির্দেশনা প্রদান করেন।