দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠল
১৩ উপজেলার ২৬ দল নিয়ে তিন দিনব্যাপী প্রতিযোগিতা শুরু
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম শাহজাহান সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পতাকা এবং সভাপতি ক্রীড়া পতাকা উত্তোলন করেন। এ ছাড়া বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
১৬ থেকে ১৮ মে পর্যন্ত চলা এ টুর্নামেন্টে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বালক ও বালিকা দলসহ মোট ২৬টি দল অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান, বিভিন্ন উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।