বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবিপ্রবির শিক্ষার্থী
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:০৫ পিএম
ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিক সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
শুকবার (১৫ মে) ব্যাচের সহপাঠীদের সঙ্গে ঘুরতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শান্ত শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
একই বিভাগের শিক্ষার্থী সোহেল রানা বলেন, আমরা অন্য একটি স্থানে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জানতে পারি, শান্তসহ তিনজন জিরো পয়েন্ট থেকে একটু সামনে পানিতে নেমেছিল। বাকি দুজন নিরাপদে তীরে উঠতে পারলেও শান্ত পানির স্রোতে তলিয়ে যায়।
তিনি আরও বলেন, নিখোঁজের দুই ঘণ্টা পার হলেও ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। বর্তমানে স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।
বিছানাকান্দি ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প পরিদর্শক মো. ফারুক বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের বিষয়টি জানানো হয়। সিলেট থেকে ডুবুরি দল গিয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে সফল হননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, আমরা জানতে পেরে জেলা পরিষদে যোগাযোগ করেছি এবং গোয়াইনঘাটের ইউএনও, আমাদের ছাত্র রতন অধিকারীকে অনুরোধ করেছি স্থানীয় ডুবুরি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টার জন্য। সে তৎপরতা চালাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে।
এ বিষয়ে জানতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কল রিসিভ হয়নি।