EN ☀️
×

Follow Us

শিক্ষা

বিইউবিটিতে সামার ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

বিইউবিটিতে সামার ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
অ অ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি পর্বে বিভক্ত এ আয়োজনের সমাপ্তি ঘটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি চরিত্র গঠন, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র। তিনি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউবিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি নবীনদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিইউবিটি ট্রাস্টের সদস্য অধ্যাপক মিয়া লুৎফার রহমান। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক এবং নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

দ্বিতীয় পর্বে বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ ও সদস্য এএফএম সারওয়ার কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ পর্বে রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা বক্তব্য দেন।

তৃতীয় ও সমাপনী পর্বে বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত Faculty of Computer Science & Artificial Intelligence-এর উদ্বোধন করা হয় এবং SCIMAGO Ranking 2026-এ স্থান পাওয়ার অর্জন উদযাপন করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন