EN ☀️
×

Follow Us

শিক্ষা

রাবিতে সংস্কারকাজের সময় মিলল মর্টার শেল, নিষ্ক্রিয় করল পুলিশ

ডেইলি সান রিপোর্ট, রাবি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

রাবিতে সংস্কারকাজের সময় মিলল মর্টার শেল, নিষ্ক্রিয় করল পুলিশ
অ অ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কারকাজের সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। পরে সেটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে খননকাজ করার সময় শ্রমিকরা শেলটি দেখতে পান। বিষয়টি জানানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা শেলটি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পেছনের একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, উদ্ধার হওয়া শেলটি অনেক পুরোনো ও মরিচাধরা। এটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানি সেনাদের অবস্থান ছিল। সে সময়কার কোনো অবশিষ্ট হতে পারে এটি।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, পুরোনো টেনিস কোর্ট এলাকায় মেরামতের সময় শ্রমিকরা শেলটি পান। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে অপসারণ করে। নিষ্ক্রিয় করার আগে লোকালয় থেকে দূরে নেওয়া হয় এবং পাশের রেললাইনের কারণে রেল কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হয়।

উদ্ধার হওয়া শেলটি ঠিক কোন সময়ের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন