জাবিতে জাকসুর দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
উপাচার্য বলেন, দ্রুতই বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু প্রতিরোধ সেল পুনর্গঠন করে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)- এর আয়োজনে ক্যাম্পাসে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কবির সরণিতে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
জাকসুর এই মহৎ উদ্যোগে সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে বদ্ধপরিকর। দ্রুতই বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু প্রতিরোধ সেল পুনর্গঠন করে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু এবং জিএস মো. মাজহারুল ইসলামসহ জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।
দুই দিনব্যাপী এই অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।