EN ☀️
×

Follow Us

শিক্ষা

শাকসু নির্বাচন চাওয়ায় বহিষ্কার হলেন শাবিপ্রবি ছাত্রদল নেতা

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

শাকসু নির্বাচন চাওয়ায় বহিষ্কার হলেন শাবিপ্রবি ছাত্রদল নেতা

মো. জুনায়েদ হাসান

অ অ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি শাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জুনায়েদ হাসানকে সব ধরনের সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শাকসু নির্বাচন বাতিলের দাবিতে সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলনে অংশ নেন। তবে বিপরীত অবস্থান নিয়ে জুনায়েদ হাসান শাবিপ্রবি ক্যাম্পাসে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ছিলেন।

গত ১৭ জানুয়ারি তিনি শিক্ষার্থীদের সামনে ১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ছাত্র সংসদ কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম। সে কারণেই তিনি দলীয় প্রভাবমুক্ত থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

দলীয় চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না এমন প্রশ্নের জবাবে জুনায়েদ হাসান বলেন, যেকোনো চাপ উপেক্ষা করেই তিনি শিক্ষার্থীদের স্বার্থে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীরাই শেষ পর্যন্ত তার অবস্থানকে মূল্যায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন