জকসু নির্বাচন: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
ডেইলি সান রিপোর্ট, জবি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টার পর থেকে শুরু হয় ভোটগ্রহণ।
এদিন বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতির সংখ্যা।
গত ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনের দিন সকালেই ভোট স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন নতুন তারিখ হিসেবে ৬ জানুয়ারি নির্ধারণ করে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলবে।
জকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ১৬,৬৬৫। নির্বাচনে ২১টি পদে ১৫৭ জন, এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ওএমআর মেশিনে ভোট গণনা হবে।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদলের ভিপি প্রার্থী এ কেএম রাকিব এবং সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেছেন, ‘জয়-পরাজয় যাই হোক, আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।’
চিফ ইলেকশন কমিশনার সতর্ক করেছেন, ‘জকসু নির্বাচনের সুন্দর পরিবেশ কেউ বানচালের চেষ্টা করলে কঠিন বিপদে পড়বে।’
ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ভোট দিয়ে বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানাচ্ছি। জয়-পরাজয় যাই হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই জিতবে।’