শাবিপ্রবিতে থ্যালাসেমিয়া আক্রান্ত ২ শিশুর সহায়তায় চ্যারিটি বইমেলা
ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
ছবি: ডেইলি সান
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর চিকিৎসা সহায়তার উদ্দেশে দশদিনব্যাপী চ্যারিটি বইমেলা শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর উদ্যোগে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, অনলাইনভিত্তিক পাঠের যুগেও বই হাতে নিয়ে পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিসর আরও বাড়াবে।
প্রো–ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সহায়তায় বইমেলা আয়োজন নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত। এটি ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, এই বইমেলা মানবিক সহমর্মিতা এবং জ্ঞানচর্চা—উভয়কেই একসঙ্গে সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের এমন উদ্যোগ সমাজকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসচালক মোহাম্মদ মনসুরের দুই সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাদের চিকিৎসা ব্যয় সহায়তার জন্যই চ্যারিটি বইমেলার আয়োজন করেছে ‘কিন’। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। এতে ২১টি প্রকাশনীর বই পাওয়া যাবে এবং বিক্রয়লব্ধ সব অর্থ ব্যয় করা হবে শিশুদের চিকিৎসায়।