EN ☀️
×

Follow Us

শিক্ষা

সাদিক কায়েমের মামলার বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

সংগঠনটির দাবি, এই মামলা অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণের সামিল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

সাদিক কায়েমের মামলার বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা
অ অ

ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদধারী সাদিক কায়েম কর্তৃক কয়েকটি ফেসবুক আইডি ও পেইজের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, এই মামলা অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণের সামিল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে ছাত্রদল বলেছে, সাদিক কায়েম যে মামলা করেছেন তা বানোয়াট, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও হয়রানিমূলক। ছাত্রদলের মতে, সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করতেই এই মামলা করা হয়েছে।

বিবৃতিতে ছাত্রদল দাবি করে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী আমলের সাইবার আইনের বিতর্কিত অংশ বাতিল করায় এখন আর মানহানিসংক্রান্ত কোনো অপরাধে মামলা গ্রহণযোগ্য নয়। তবু সাদিক কায়েম যে অভিযোগ দাখিল করেছেন, তা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না বলে মনে করছে সংগঠনটি।

চছাত্রদলের ভাষ্যে, সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৮ ধারা অনুযায়ী মিথ্যা মামলা করলে অভিযোগকারীও আইনি দণ্ডের মুখে পড়তে পারেন। সংগঠনটি অভিযোগ করে বলেছে, অতীতে সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বিএনপি নেতার বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করেছিলেন এবং তার অনুসারীরা অনলাইনে নারীদের হেনস্তা ও ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ট্রল-বাহিনী সক্রিয় রেখেছে।

বিবৃতিতে ছাত্রদল আরও বলেছে, ডাকসুর ভিপি পদে থাকা অবস্থায় শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার মামলা করা ‘নজিরবিহীন ও ন্যাক্কারজনক’। এ ধরনের পদক্ষেপ ভিপি পদমর্যাদার মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে বলে মনে করে তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তারা সাদিক কায়েমকে মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান।

আরও পড়ুন