EN ☀️
×

Follow Us

শিক্ষা

শাকসু নির্বাচন পেছাল, নতুন ভোটের তারিখ নির্ধারণ

আলোচনা সভায় উপস্থিত পক্ষগুলো একমত হয়ে ভোটের নতুন তারিখ ২০ জানুয়ারি নির্ধারণ করে

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

শাকসু নির্বাচন পেছাল, নতুন ভোটের তারিখ নির্ধারণ
অ অ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘদিন ধরে আলোচিত ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। সকল ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি ২০২৬।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় প্রশাসন ভবন-১ এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জানুয়ারি মাসে ভোট গ্রহণের বিষয়ে সবার একমত হয়। পরে প্রশাসনের অনুমোদন নিয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

নির্বাচন কমিশন জানায়, আগে ঘোষিত ১৭ ডিসেম্বরের ভোট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আপত্তি ওঠায় তাদের কাছে চারটি স্মারকলিপি জমা পড়ে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, শীতকালীন ছুটি শুরুর ঠিক আগে নির্বাচন হলে অনেকে ক্যাম্পাসে থাকবেন না, ফলে ভোট ‘অংশগ্রহণমূলক’ নাও হতে পারে। তাই তারা জানুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।

এদিকে ছাত্রশিবিরসহ সমমনাদের কয়েকটি সংগঠন ও প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা ১০ ডিসেম্বর এর মধ্যে নির্বাচন চেয়ে আন্দোলন করেছিল। তাদের কয়েকজন নির্বাচন কমিশনে স্মারকলিপিও জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে জানুয়ারিতে ভোটের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল ছাত্রদল।

গত দুই দিন ধরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপগুলোতেও ১৭ ডিসেম্বরের নির্বাচনের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন পোস্ট দেখা গেছে। তাদের যুক্তি, শিক্ষাবর্ষের শেষ দিকের চাপ এবং ছুটির আগে ভোট আয়োজন বাস্তবসম্মত নয়।

সবশেষে আলোচনা সভায় উপস্থিত পক্ষগুলো একমত হয়ে ভোটের নতুন তারিখ ২০ জানুয়ারি নির্ধারণ করে।

আরও পড়ুন