প্রবাসী আয়ে ইতিবাচক ধারা, নভেম্বরে এলো ৩২ হাজার কোটি টাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
ছবি: সংগৃহীত
চলতি নভেম্বর মাসে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) প্রথম প্রায় পাঁচ মাসে দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার।
অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।