সাবেক নৌপ্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আ ন ম আহমাদুল বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মো. আবু তালহা। আবেদনে বলা হয়, ১১টি ব্যাংক হিসাবে বর্তমানে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা জমা রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আ ন ম আহমাদুল বাশার সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিজের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাঁর সম্পদের বিবরণী চাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, যাচাই-বাছাই ও অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আহমাদুল বাশার তাঁর নামে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তিনি তা করতে সক্ষম হলে অনুসন্ধানের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
