শিল্পাঞ্চলে অস্থিরতায় পোশাক খাতের উৎপাদন ব্যাহত হওয়ায় বিজিবিএ’র উদ্বেগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এর সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুর শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রম অস্থিরতার কারণে দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সংগঠনটি জানায়, এই সংকট দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পোশাক শিল্পকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
বিজিবিএ জানায়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে সরকার, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ ও বিকেএমইএ-এর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।
সংগঠনটি শ্রমিকদের জন্য ন্যায়সংগত এবং মালিকদের জন্য বহনযোগ্য এমন একটি সময়োপযোগী মজুরি কাঠামো দ্রুত নির্ধারণের আহ্বান জানায়।
সংগঠনটির তথ্যমতে, পোশাক খাতে প্রতিদিন উৎপাদন বন্ধ থাকলে প্রায় ২,০০০ থেকে ২,২০০ কোটি টাকার ক্ষতি হয়। চলমান অস্থিরতায় ইতোমধ্যে প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব ব্যাংকিং, পরিবহন ও লজিস্টিকস খাতেও পড়ছে।
বিজিবিএ আরও জানায়, অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ ব্যাহত হচ্ছে। ফলে বাড়তি ফ্রেইট খরচ, ক্রেতাদের মূল্যছাড়ের চাপ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। ইতোমধ্যে অনেক বিদেশি ক্রেতা নতুন ক্রয়াদেশ দিতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন এবং কিছু ক্ষেত্রে অর্ডার কমেও এসেছে।
এই পরিস্থিতি চলতে থাকলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে এবং অসংখ্য শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে, যার প্রভাব আগামী তিন মাসের রপ্তানি আয়েও পড়বে।
এ অবস্থায় শিল্প ও জাতীয় অর্থনীতি রক্ষায় সরকারকে দ্রুত বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে বিজিবিএ। পাশাপাশি, সকল পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে আসার এবং শ্রমিকদের কর্মস্থলে ফিরে উৎপাদন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।