দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের পতন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন বা ৩ হাজার ৪৬৪ কোটি ৬২ লাখ ডলারে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮২ বিলিয়ন বা ২ হাজার ৯৮২ কোটি ২৪ লাখ ডলারে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার। এর আগের দিন সোমবার নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক ০৯ বিলিয়ন ডলার।
এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করে বাংলাদেশ। বিল পরিশোধের পর গত ৫ অক্টোবর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন বা ৩ হাজার ৪৮৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলারে নেমে আসে। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়ায় ২৯ দশমিক ৯৮ বিলিয়ন বা ২ হাজার ৯৯৮ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ডলারে।
আকুর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা হয়। এর সদস্য দেশগুলো হলো ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আকুর আওতায় বাংলাদেশকে প্রতি দুই মাস অন্তর আমদানি বিল পরিশোধ করতে হয়। ফলে এ বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িকভাবে পতন ঘটে।
এদিকে গত ৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। এর আগের দিন ৩ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আর ১ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।