সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ, তবু অনুমোদনের তোড়জোড়
অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
ফাইল ছবি
সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ ও যন্ত্রপাতি আমদানির অভিযোগ উঠেছে চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির বিরুদ্ধে। যন্ত্রপাতি আমদানিতে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগও রয়েছে। এসব অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি নিষ্পত্তি না হলেও প্রতিষ্ঠানটির উৎপাদন শুরুর অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
গত মঙ্গলবার বিপিসি সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। রিফাইনারি স্থাপনে ২০২৩ সালের নীতিমালার শর্ত পূরণ হয়েছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করে কমিটি প্রতিবেদন দেবে।
আজ বুধবার (১১ নভেম্বর) কমিটির সদস্যদের রিফাইনারিটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। পরিদর্শনের তিন দিনের মধ্যে বিপিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নীতিমালায় স্পষ্ট বলা আছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না। তবে বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সুপার পেট্রোকেমিক্যাল প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ করেছে। একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনায় বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে বিপিসি, বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক পরিদপ্তর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করেছে। এসব আমদানিতে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে কি না, কিংবা যন্ত্রপাতির আড়ালে অন্য পণ্য আমদানি বা চোরাচালান হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যথাযথ অনুমোদন, নিরাপত্তা ও তদারকি নিশ্চিত না করে এ ধরনের স্পর্শকাতর শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে সুপার পেট্রোকেমিক্যাল তাদের রিফাইনারিতে পরিশোধনের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানির কথা বলা হয়েছে। তবে আমদানির আবেদনে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞা ও গুণগত পার্থক্য এক করে উপস্থাপনের অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কনডেনসেট প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত, আর ক্রুড অয়েল আসে তেলক্ষেত্র থেকে। উৎস ও বৈশিষ্ট্যের দিক থেকে দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
প্রতিষ্ঠানটির বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে পাঠানো চিঠিতেও কাঁচামাল আমদানির পরিকল্পনায় অসংগতি পাওয়া গেছে। গত ১৪ জুলাই জ্বালানিমন্ত্রীকে পাঠানো চিঠিতে বছরে ২০ লাখ টন সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট বা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানির আগ্রহ জানানো হয়। পরে ১২ আগস্টের চিঠিতে ২০২৭ সালে ১২ লাখ তিন হাজার টন পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে প্রতিষ্ঠানটি। আর গত ২৭ অক্টোবরের চিঠিতে ওই বছর চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানির প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, দৈনিক ৩৫ হাজার ব্যারেল ক্ষমতার ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালুর কথা রয়েছে। এপ্রিল থেকে উৎপাদিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা করেছে তারা। তবে একই রিফাইনারির জন্য বিভিন্ন সময়ে কাঁচামাল আমদানির পরিমাণ ও পরিকল্পনায় এমন ভিন্নতা কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, সুপার পেট্রোকেমিক্যালের ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ২০২৩ সালের নীতিমালায় কনডেনসেট আমদানি, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের সুযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রমের আইনি ভিত্তি, অনুমোদন ও বিদ্যমান নীতিমালা গভীরভাবে যাচাই করতে হবে।
বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি স্থাপনের অনুমোদন নেই। এমনকি প্রতিষ্ঠানটি যে কনডেনসেট পরিশোধন করে জ্বালানি তেল উৎপাদন করছে, সেটিরও অনুমোদন নেই। ফলে অনুমোদনহীন কারখানায় উৎপাদনের পাশাপাশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার উদ্যোগ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।